ডিজিটাল প্লাটফর্মে বঙ্গবন্ধুকে স্মরণ

১৭ মার্চ, ২০২০ ০০:২৩  
১৭ মার্চ। বাদ এশা। গোপালগঞ্জের টুঙ্গি পড়ায় জন্ম। ঘাতকের বুলেটে নিভে গেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট। তবে আলো ছড়িয়ে আজো দ্বিপ্তমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। করোনা ভাইরাস সঙ্কটও তাই বাধা হয়ে দাঁড়ায়নি তাঁর জন্মশত বার্ষিকী পালনে। ১০ জানুয়ারি ডিজিটাল ঘড়িতে শুরু হয় ক্ষণ গণনা। দিন শেষে সোমবার ছিলো শুধুই ঘণ্টার অপেক্ষা। সেই অপেক্ষা পেরুনোর আগেই অনলাইন আর ভার্চুয়াল মিডিয়ায় নানা মাত্রিকতায় শুরু হয় বঙ্গবন্ধুকে স্মরণ। ভার্চুয়াল দুনিয়ায় এখন বঙ্গবন্ধুর মোটা ফ্রেমের চশমা, তর্জনী আর জয় বাংলা জাতীয় স্লোগানময়। বঙ্গবন্ধুর ছবিতে বদলে গেছে  ফেসবুকের প্রোফাইল ছবি। টুইটারও বঙ্গবন্ধু বন্দনায় মুখর। তৈরি হয়েছে বঙ্গবন্ধুর থ্রিডি হলোগ্রাফিক ভাষণ। ভাষণের ভিআর সংস্করণ। বঙ্গবন্ধু হয়ে ওঠার এনিমেটেড ভিডিও। প্রকাশ করা হয়েছে বহুমাত্রিক শ্রদ্ধার্ঘ। “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”- ১০ কোটি মোবাইল সিম হয়ে এই মহাকাব্যিক ভাষণ পৌঁছে যাচ্ছে কোটি মানুষের কাছে। এভাবে ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত তিনি মৃত্যুজবনিকার আড়ালেও।